সিলেট-ঢাকা মহাসড়কের অলিপুর এলাকায় হাইওয়ে পুলিশের নিয়মিত তল্লাশিতে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালনকালে যশোর ট-১১-৪১৮৯ নম্বরের একটি ট্রাককে সিগন্যাল দেন। পরবর্তীতে ট্রাকের সাদা ত্রিপল উঠিয়ে দেখা যায়, বস্তাগুলোর গায়ে “K.S Gold Jeera” লেখা রয়েছে। উপস্থিত সাক্ষীদের সামনে পুরো ট্রাক তল্লাশি করে মোট ২২০ বস্তা ভারতীয় জিরা পাওয়া যায়।
প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৬,৬০০ কেজি জিরা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯ লাখ ৬০ হাজার টাকা।
অভিযানে সিলেটের জকিগঞ্জ থানার মাইজকান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে ট্রাকের চালক মোঃ শাহাবুদ্দিন ও জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া গ্রামের দুলু মিয়ার ছেলে হেল্পার মোঃ আকাশ মিয়াকে আটক করা হয়েছে।
ঘটনার বিষয়ে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন- হাইওয়ে পুলিশ এখন শুধু দুর্ঘটনা নিয়ন্ত্রণ বা যানবাহন তদারকিতেই সীমাবদ্ধ নয়; চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধেও আমরা সমানভাবে কঠোর। অলিপুর ক্যাম্পের এ অভিযান আমাদের নিয়মিত তৎপরতার অংশ, যা সড়কপথে আইনশৃঙ্খলা রক্ষা ও অর্থনৈতিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কপথে সীমান্ত এলাকা থেকে অবৈধ পণ্য আমদানির প্রবণতা রোধে হাইওয়ে পুলিশের এমন কঠোর অবস্থান জনমনে স্বস্তি এনেছে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com