“নিরাপদ মহাসড়ক গড়তে চাই, প্রতিটি চালক, যাত্রী ও বাজারের মানুষের অংশগ্রহণ” এই অঙ্গীকারকে ধারণ করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে ভিন্নধর্মী এক মতবিনিময় সভা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ক্যাম্প প্রাঙ্গণে ঐ সভার আয়োজন করা হয়।
সভায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ানের সভাপতিত্বে ও সার্জেন্ট সম্রাটের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাইওয়ে সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস-দক্ষিণ) রখফার সুলতানা খানম, পিপিএম (সেবা)।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস, এবং হবিগঞ্জ সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সি।
এছাড়াও সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও পরিবহন মালিক-শ্রমিক নেতারা সহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উল্লেখ করেন, অলিপুর হাইওয়ে ক্যাম্প স্থাপনের পর থেকেই পুলিশের কার্যক্রমে এসেছে নতুন গতি। বিশেষ করে গত সেপ্টেম্বর মাসে টানা তিন অভিযানে প্রায় ৫০ লক্ষ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করে পুলিশ- যা সিলেট রিজিয়ন গঠনের পর এক মাসে সর্বোচ্চ চোরাচালান জব্দের রেকর্ড।
এদিকে হাইওয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, নিরাপদ সড়ক শুধু পুলিশের নয়- এটা আমাদের সবার দায়িত্ব। প্রত্যেকে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, তাহলেই আমরা গড়ে তুলতে পারব সুশৃঙ্খল মহাসড়ক। তিনি জনগণকে হাইওয়ে পুলিশের সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, বক্তারা মনে করেন, শুধু আইন প্রয়োগ নয়- সচেতনতা, সম্মান ও সহযোগিতাই নিরাপদ সড়কের মূল চাবিকাঠি। তাই পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী এবং মহাসড়কসংলগ্ন বাজার- ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির এই উদ্যোগকে তারা সময়োপযোগী ও প্রশংসনীয় হিসেবে দেখছেন। অলিপুর ক্যাম্পের এই উদ্যোগ যেন এক নতুন বার্তা ছড়িয়ে দিল- মহাসড়ক শুধু পথ নয়, এটি আমাদের শৃঙ্খলার প্রতিচ্ছবি।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com