মোঃ ফাহাদ আহমদ:
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকামুখী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। গুরুতর আহত অন্তত ১৩ জনকে ফায়ার সার্ভিসের সহায়তায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহত সাতজনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত সাফিউদ্দিনের ছেলে হাজী সাইফুল ইসলাম (৫০) এবং সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার চন্ডীপুর এলাকার জাহাঙ্গীরের তিন বছর বয়সী মেয়ে ফাইজা।
হাইওয়ে পুলিশের এসআই মোঃ জসিম উদ্দিন ক্রিয়েটিভ নিউজ২৪-কে জানিয়েছেন, অপর নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান জানান- বর্তমানে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com