
ডেস্ক রিপোর্ট:
কলাপাতার নিচে লুকিয়ে রাখা হয়েছিল বিদেশি মদ, ফেনসিডিল ও ইয়াবা। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না, ট্রাকে করে মাদক পাচার করা হচ্ছে। তবে হরিপুর পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে সেই মাদক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে সিলেটের জৈন্তাপুর-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ২১৬ বোতল বিদেশি মদ, ৪০ বোতল ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পুলিশের হিসাবে, জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮৮ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন নওগাঁর পোরশা উপজেলার শিষাবাজার এলাকার মো. আরিফের ছেলে মো. সিরাজ (২৪), পত্নীতলা উপজেলার কাশিপুর এলাকার মৃত আবদুল হামিদের ছেলে মো. রমজান হোসেন তামিম (২৪) এবং মহাদেবপুর উপজেলার এনায়েতপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মো. ইদ্রিস আলী (৩৮)।
পুলিশ জানায়, জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শওকত মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ট্রাকটির ওপর কলাপাতার নিচে কৌশলে লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-২৪-৪৭৭১। এর আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, হরিপুর পুলিশ চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। এ সময় কলাপাতার নিচে লুকিয়ে রাখা মাদকদ্রব্য পাওয়া যায়। আটক ব্যক্তিদের হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
ওসি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com