মৌলভীবাজার প্রতিনিধি:
নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’-এর তৃতীয় পর্যায়ের বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ১৯টি ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন এবং জনসমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবারকে স্বনির্ভর করে তুলতে সরকার ধারাবাহিকভাবে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বসবাসের জন্য ঘর নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেন। পাশাপাশি তাদের সন্তানদের শিক্ষার প্রসারে শিক্ষাবৃত্তি বিতরণ করেন। এ ছাড়া তিনি বিদ্যালয় প্রাঙ্গণে আম ও নিমগাছের দুটি স্মারক চারা রোপণ করেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় যান। সেখানে দুপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে চা শ্রমিক পরিবারের জন্য আর্থিক সহায়তা ও শিক্ষাবৃত্তি প্রদান করেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল জনসমাগমে মুখর হয়ে ওঠে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com