মোঃ ফাহাদ আহমদ:
মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ার পর এবার সিলেট রেঞ্জের (বিভাগের) শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার অধীন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. ওবায়দুল্লাহ। হত্যা মামলার পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয় সূত্রে জানা গেছে, জুলাই-২০২৬ মাসের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে তাঁকে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত করা হয়। মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত সম্মাননা সনদ প্রদান করা হয়।
পুলিশ সূত্র জানায়, শেরপুর পুলিশ ফাঁড়ির দায়িত্ব নেওয়ার পর থেকে এসআই ওবায়দুল্লাহ মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। তাঁর নেতৃত্বে একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তার ও পরোয়ানা নিষ্পত্তিতেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় এসআই মো. ওবায়দুল্লাহ বলেন, “আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই হওয়ার পর সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়া আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। এই অর্জন একার নয়, এটি পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। রেঞ্জ ডিআইজি মহোদয়, পুলিশ সুপার মহোদয়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং শেরপুর পুলিশ ফাঁড়ির প্রতিটি সহকর্মীর আন্তরিক সহযোগিতা ছাড়া এ স্বীকৃতি অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”
তিনি আরও বলেন, “মাদক, চোরাচালান ও অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ সমাজ গঠনে জনগণের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com