
সিলেটের জৈন্তাপুরে তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা চারটি মহিষসহ একটি রেজিস্ট্রেশনবিহীন ডি-আই পিকআপ আটক করা হয়েছে। এসময় পিকআপচালককে গ্রেফতার করা হয়।
শনিবার (২৬ অক্টোবর) ভোর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সিলেট-জাফলং আঞ্চলিক মহাসড়কের তামাবিল হাইওয়ে থানাধীন কাটাগাং এলাকায় এ অভিযান পরিচালনা করেন হাইওয়ে পুলিশের এসআই মোঃ নাজমুল হকসহ সঙ্গীয় একদল ফোর্স।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি রেজিস্ট্রেশনবিহীন ডি-আই পিকআপ আটক করা হয়। পরবর্তীতে তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে আনা চারটি মহিষ উদ্ধার করা হয়। প্রতিটি মহিষের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা করে মোট মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পিকআপচালক কামাল হোসেন (২৫), পিতা- নুরুল হক, গ্রাম- হেমুদতপাড়া, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট-কে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। আটককৃত পিকআপ ও মহিষ জব্দ করে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, হাইওয়ে পুলিশ শুধু সড়ক নিরাপত্তা নয়, সীমান্তঘেঁষা মহাসড়কগুলোতে চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধেও নিয়মিত অভিযান পরিচালনা করছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে অবৈধভাবে ভারতীয় পশু ও পণ্য পাচারের চেষ্টা বেড়ে গেছে। তবে হাইওয়ে পুলিশের তৎপরতায় এসব কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ বাণিজ্য রোধে হাইওয়ে পুলিশের এমন কার্যক্রমে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন সচেতন মহল।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com