
নবীগঞ্জে ভোরের নরম আলো ছুঁয়ে আসার আগেই ঘটেছে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। সবজি কিনতে ভোরে রওনা হওয়া এক পরিশ্রমী ব্যবসায়ী ফিরলেন না আর জীবনের টানে।
রবিবার (০৫ অক্টোবর) সকাল ৬টা ২০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেওপাড়া ঈদগাহ এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত হন আজমত আলী (৪০)। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর এলাকার সাজিদ আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আজমত আলী খালি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-২৩৩৪) নিয়ে শ্রমিকসহ সবজি কিনতে যাচ্ছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে আসা সবজিবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-২৩২৪) পিকআপটিকে জোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংঘর্ষের পর ট্রাকটি উল্টে যায়, আহত হন আরও তিনজন শ্রমিক।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। তবে ঘাতক চালক পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনায় এক সবজি ব্যবসায়ী মারা গেছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালককে আটকের চেষ্টা চলছে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com