নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর খাল খনন উপপ্রকল্পের নকশা পর্যালোচনা ও পরিবেশগত প্রভাব নিরূপণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ এপ্রিল রোববার দুপুরে জলবায়ু পরিবর্তন পাঁচ মৌজা সমবায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
সভায় প্রকল্পের পরিবেশ বিশেষজ্ঞ ড. মোহাম্মদ কাবিল হোসেন, কৃষি বিশেষজ্ঞ ড. মো. ওমর ফারুক, প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ সৈয়দ সালেহ ইসলাম, ডিজাইন ইঞ্জিনিয়ার সাইফ আনাম ও মো. বদরূজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা দরবেশপুর খাল পুনঃখনন করা হলে এলাকায় পানিপ্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু সহনশীল পরিবেশ গড়ে উঠবে।
স্থানীয়দের মতে, খালটি পুনর্জাগরণ হলে শুধু পরিবেশ নয়, এলাকার অর্থনৈতিক অবস্থারও উন্নয়ন ঘটবে। এতে কয়েকটি ইউনিয়নের হাজারো পরিবারের জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলজিইডির ইতিবাচক মূল্যায়ন পেয়েছে। ফলে শিগগিরই এর অনুমোদন পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশে টেকসই পানি ব্যবস্থাপনা ও খাল পুনঃখনন কার্যক্রমের অংশ হিসেবে দরবেশপুর, দাউদপুর, বোয়ালজুর, কারখানা ও বহরমপুর- এই পাঁচ মৌজার মধ্য দিয়ে প্রবাহিত প্রাচীন হাকানী খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com