নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বন্যাকবলিত এলাকায় আশ্রয় নেওয়া মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ওষুধ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ৬০টি পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দীঘলবাক ইউনিয়নের গালিমপুর, মাধবপুর, পশ্চিম মাধবপুরসহ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রতি পরিবারের জন্য চাল, ডাল, ভোজ্য তেল, শুকনো খাবারসহ প্রায় ১৪ দশমিক ৩৫ কেজি ওজনের খাদ্যসামগ্রী দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে খাবার স্যালাইন ও প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার ওষুধও বিতরণ করা হয়।
দীঘলবাক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আকুল মিয়ার তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য এম. মুজিবুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আফছর মিয়া, সমাজকর্মী মো. রুহেল মিয়া, মকবুল হোসেন এবং কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা চঞ্চল কুমার দেব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকার ও সমাজের সবার দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।
ত্রাণ গ্রহণকারী পরিবারগুলোর সদস্যরা এ সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও এর আগে একই আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com