
মোঃ ফাহাদ আহমদ:
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এর আগে ঘটনাস্থলেই একজন নিহত হন।
আজ সোমবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার রুকুনপুর বাজারের দক্ষিণ পাশে বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- মাওলানা মশহুদ আহাম্মদ (৪০), ময়না মিয়া (৪২) ও কাশেম মিয়া (৫০)। মশহুদ আহাম্মদ নবীগঞ্জ উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে। ময়না মিয়া ইনাতগঞ্জ বাজার এলাকার আব্দুল করিমের ছেলে। কাশেম মিয়া দক্ষিণ গ্রাম, ইনাতগঞ্জ এলাকার ময়না মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকামুখী একটি পিকআপের সঙ্গে সিলেটমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা মাওলানা মশহুদ আহাম্মদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত ময়না মিয়া ও কাশেম মিয়াকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। উভয় গাড়ি হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com