
ওসমানীনগর প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের কারণে ওসমানীনগর উপজেলার বেগমপুরে অনুষ্ঠিতব্য মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীর তাফসিরুল কুরআন মাহফিল বাতিল করা হয়েছে।
আগামী ৬ জানুয়ারি বাদ মাগরিব বেগমপুর ইসলামী সুন্নী যুব সংঘ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আলোচিত ইসলামি বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীর। তবে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তিনি সারাদেশে পূর্বনির্ধারিত সব মাহফিল বাতিল করার ঘোষণা দেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, মাধবপুর-চুনারুঘাট-৪ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তাহেরী হুজুর আপাতত সকল ধর্মীয় সফর ও মাহফিল স্থগিত রেখেছেন। তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হলে বিষয়টি নিশ্চিত হয়।
এ বিষয়ে বেগমপুর মাহফিল কমিটির সভাপতি জুবায়ের আহমেদ বলেন, “আমরা তাহেরী হুজুরের নির্ধারিত তারিখ অনুযায়ীই মাহফিলের আয়োজন করেছিলাম। অন্য কোনো বড় আলেমকে দাওয়াত না দেওয়ায় চলতি বছরের পুরো মাহফিল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “হঠাৎ এ পরিবর্তনের জন্য আমরা এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com