
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটগ্রহণের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য কয়েক ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ভোটের দিন ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও ট্যাক্সিক্যাব চলাচল বন্ধ থাকবে। এছাড়া মোটরসাইকেল চলাচলের ওপর টানা তিন দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মঙ্গলবার নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এসব নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।
ইসির নির্দেশনা অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। অন্যদিকে, ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বা তিন দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
তবে জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনে কিছু যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন। পাশাপাশি অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও সংবাদমাধ্যমের গাড়ি, ওষুধ ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট যানবাহন, বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী বা স্বজনদের গাড়ি (টিকিট প্রদর্শন সাপেক্ষে) এবং দূরপাল্লার যাত্রীবাহী যান চলাচল করতে পারবে।
এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনি এজেন্টদের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে একটি করে গাড়ি ব্যবহারের সুযোগ থাকবে। টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনও নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তঃজেলা বা মহানগর থেকে বের হওয়া ও প্রবেশের গুরুত্বপূর্ণ সড়কের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিল করা যেতে পারে। একই সঙ্গে স্থানীয় বাস্তবতা বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা প্রয়োজনে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ কিংবা শিথিল করার ক্ষমতা পাবেন।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com