
মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই গ্রাম যেন নতুন করে আলোয় জেগে উঠেছে। দীর্ঘদিনের অন্ধকার আর ঝুঁকিপূর্ণ চলাচলের অবসান ঘটিয়ে প্রবাসীদের অর্থায়নে গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে স্থাপন করা হয়েছে আধুনিক রোড লাইট। এতে করে রাতের চলাচল হয়েছে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়।
সোমবার রাতে প্রধান অতিথি হিসেবে গোরারাই গ্রামের সড়কে স্থাপিত রোড লাইটিং প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান।
এতে গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক হাফিজ জুবায়ের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, জেলা বিএনপির সদস্য মুহিতুর রহমান হেলাল, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী এবং ইংল্যান্ড প্রবাসী ফখরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন- গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. এবাদুর রহমান চৌধুরী লাহিন, সাবেক সভাপতি আমিরুল ইসলাম সাহেদ ও আব্দুল মুমিন, প্রবাসী রায়হান চৌধুরী, প্রবাসী আবু নাসের রাব্বি, সংগঠনের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন সামছু, সহ-সভাপতি শাহজান চৌধুরী, অর্থ সম্পাদক আশরাফ মিয়াসহ আরও অনেকে।
উপস্থিত অতিথিরা বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠিয়েই দেশের দায়িত্ব শেষ করেননি, বরং নিজ নিজ গ্রামের উন্নয়নে সরাসরি অংশগ্রহণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই রোড লাইটিং প্রকল্প গ্রামীণ উন্নয়নে একটি মডেল উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য, প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে গোরারাই গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট ৪০টি রোড লাইট স্থাপন করা হয়েছে। এতে করে সন্ধ্যার পর গ্রামবাসীর চলাচল যেমন সহজ হবে, তেমনি চুরি-ছিনতাইসহ নানা অপরাধ কমবে বলে আশা করা হচ্ছে।
গ্রামবাসীরা প্রবাসী ও উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই উদ্যোগ গোরারাই গ্রামের সামাজিক উন্নয়নে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com