
নিউজ ডেস্ক:
সিলেটের ওসমানীনগরে প্রেমের সম্পর্কের জেরে সাইফুর রহমান (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে শেরপুর টুলপ্লাজার পাশে একটি দোকানে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। নিহত সাইফুর রহমান সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের করম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মানিক মিয়ার ছেলে সেজু মিয়ার মেয়ের সঙ্গে সাইফুরের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় চার মাস আগে ওই তরুণী সাইফুরের সঙ্গে চলে যান। পরে বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে এর মীমাংসা করা হয়।
স্থানীয় লোকজনের ভাষ্য, এর জের ধরে গতকাল রাতে শেরপুর টুলপ্লাজার পাশে লুৎফুর রহমানের দোকানে সাইফুরকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত সেজু মিয়া পালিয়ে যান বলে স্থানীয় লোকজন জানান। তাঁকে গ্রেপ্তারের দাবিতে রাতেই সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন উত্তেজিত লোকজন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয় লোকজন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি তাঁরা নিশ্চিত হয়েছেন। ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com