স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার:
মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। তবে তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী পালিয়ে গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে- তিনজন ব্যক্তি মোটরসাইকেলে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চান্দগ্রাম এলাকা থেকে বড়লেখার দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার (৮ এপ্রিল) রাতে বড়লেখা উত্তর চৌমুহনা এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ।
চেকপোস্টে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা তা অমান্য করে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে পুলিশ রাসেলকে আটক করতে সক্ষম হয়। তবে তার দুই সহযোগী পালিয়ে যায়।
পরে রাসেলের কাছে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ২০টি প্যাকেটে মোড়ানো ৪ হাজার পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক রাসেল বড়লেখা উপজেলার কেছরীগুল মধ্য ডিমাই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করেছে যে, সে ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করত।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com