
ক্রিয়েটিভ নিউজ ডেস্ক:
হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস চলাচলে বাধা ও একাধিক বাস আটকে রাখার অভিযোগে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। এতে হবিগঞ্জ থেকে দেশের বিভিন্ন রুটে কোনো বাস ছেড়ে যায়নি। আকস্মিক এ সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের দাবি, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব ও বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপনের নেতৃত্বে শেরপুর এলাকায় ‘হবিগঞ্জ-সিলেট বিরতিহীন’ বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। গত রোববার সকাল থেকে কয়েক দফায় ৩৫ থেকে ৪০টি বাস আটকে রাখা হয়েছে। এতে প্রায় ২০০ শ্রমিক অনিরাপদ অবস্থায় রয়েছেন বলেও অভিযোগ সংগঠনটির।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন, “ক্ষমতার প্রভাব খাটিয়ে শেরপুর এলাকায় আমাদের বাস চলাচল বন্ধ করে রাখা হয়েছে। দুই দিন ধরে গাড়িগুলো আটকে থাকায় শ্রমিক ও মালিক উভয়েই ক্ষতির মুখে পড়েছেন। এর প্রতিবাদে সোমবার রাতে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।”
অভিযোগের বিষয়ে জানতে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন।
পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ। তিনি বলেন, “মৌলভীবাজারের জেলা প্রশাসকের সঙ্গে সকালে কথা হয়েছে। দ্রুত সমাধানের জন্য তাকে অনুরোধ করেছি। তিনি দুপুরে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন।”
এদিকে পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেকে বাসস্ট্যান্ডে এসে জানতে পারেন কোনো বাস চলবে না। পরে বাধ্য হয়ে সিএনজি অটোরিকশা ও অন্যান্য যানবাহনে শায়েস্তাগঞ্জ গিয়ে সেখান থেকে গন্তব্যে রওনা হচ্ছেন। এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে স্থানীয় সিএনজি চালকদের বিরুদ্ধে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com