মোঃ ফাহাদ আহমদ, নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি গোলচত্বরে ঢাকা-সিলেট মহাসড়কে মাছবোঝাই ট্রাকের ধাক্কায় সোহেল আহমদ (৪৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। রোববার ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সোহেল আহমদ নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের আব্দুর জব্বারের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি গোলচত্বর এলাকায় নিজের সিএনজি সড়কের পাশে রেখে ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী একটি মাছবোঝাই ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল।
ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে নিজেদের হেফাজতে নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শেরপুর হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো: জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com