ডেস্ক রিপোর্ট:
‘চা শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি’ প্রতিপাদ্যে মৌলভীবাজারে ষষ্ঠবারের মতো জাতীয় চা দিবস পালিত হয়েছে। শনিবার (২০ জুন) জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, এনডিসি। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
পরে আয়োজিত আলোচনা সভায় চা শিল্পের বিভিন্ন সংকট ও উত্তরণের উপায় নিয়ে মতামত তুলে ধরেন সংশ্লিষ্টরা। চা বাগান মালিকেরা সরকারের সহযোগিতা, চায়ের গুণগত মান উন্নয়ন, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং রপ্তানি বৃদ্ধির দাবি জানান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘জাতীয় চা পুরস্কার-২০২৬’ প্রদান। আটটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এ বছর প্রথমবারের মতো ‘শ্রেষ্ঠ বটলিফ চা কারখানা’ বিভাগ যুক্ত করা হয়েছে।
‘জাতীয় চা পুরস্কার নীতিমালা-২০২২’ অনুযায়ী, একরপ্রতি সর্বোচ্চ চা উৎপাদনকারী বাগান হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রী গোবিন্দপুর চা বাগান ‘জাতীয় চা পুরস্কার-২০২৬’ অর্জনের জন্য নির্বাচিত হয়েছে।
এ ছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী চা প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, চা বাগানসংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, প্রতিবছর ২১ মে জাতীয় চা দিবস পালিত হলেও বিশেষ কারণে এ বছর দিবসটির আনুষ্ঠানিক আয়োজন ২০ জুন অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com