
মোঃ ফাহাদ আহমদ :
মৌলভীবাজারের শেরপুরে অটো টেম্পু, অটোরিকশা, মিশুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শেরপুর ইউনিট শ্রমিক পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. শাহ আলম এবং সম্পাদক পদে মো. আলী হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে ছাতা প্রতীকে শাহ আলম ৩৪৪ ভোট এবং মই প্রতীকে আলী হোসেন ২৯৬ ভোট পেয়েছেন।
সভাপতি পদে শাহ আলমের নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মো. আছাদ মিয়া পেয়েছেন ৩০৭ ভোট। ফলে ৩৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শাহ আলম। অন্যদিকে সম্পাদক পদে মোরগ প্রতীকের মো. ইমাদ উদ্দিন পেয়েছেন ২১৮ ভোট এবং মোটরসাইকেল প্রতীকের মো. সেলিম আহমদ পেয়েছেন ১০৩ ভোট।
সহসভাপতি পদে ঘোড়া প্রতীকে মো. আব্দুর রব ৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাস প্রতীকের মো. আলী হোসেন পেয়েছেন ২৮৭ ভোট।
সহসম্পাদক পদে আম প্রতীকে মো. সাইফুর রহমান রাজু ৩৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। হরিণ প্রতীকের মো. সুহেল আহমদ পেয়েছেন ২৩৫ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে হাতি প্রতীকে মো. ছালে আহমদ ৩৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাঘ প্রতীকের মো. বাবলু মিয়া পেয়েছেন ২৭৮ ভোট।
অর্থ সম্পাদক পদে ফুটবল প্রতীকে সৈয়দ ইমন আহমদ ৩৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তালাচাবি প্রতীকের মো. রাসেল আহমদ পেয়েছেন ২৪৮ ভোট।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শেরপুরের আজাদ বখত উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭২২ জন।
মৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটোরিকশা, মিশুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি. নং চট্ট-২৩৫৯) অন্তর্ভুক্ত শেরপুর ইউনিটের এ নির্বাচনে প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদকসহ তিন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার আবুল হোসেন বলেন, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গ্রহণ থেকে শুরু করে গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাচন পরিচালনায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হয়েছে। নির্বাচিত প্রতিনিধিরা শ্রমিকদের অধিকার, স্বার্থ ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন- এটাই আমাদের প্রত্যাশা।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com