মোঃ ফাহাদ আহমদ, নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমযানকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের শেরপুর হাইওয়ে থানা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হাইওয়ে থানা জামে মসজিদ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। তিনি তাঁর বক্তব্যে- সকলের সহায়তায় নতুন মসজিদ ভবন নির্মাণের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ধর্মপ্রাণ মুসল্লীদের স্বতঃস্ফূর্ত অনুদান প্রদানের প্রশংসা করেন।
তিনি বলেন, একটি মসজিদ শুধু ইবাদতের স্থান নয়; এটি সামাজিক সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার অন্যতম কেন্দ্র। মসজিদের নতুন ভবন নির্মাণের মাধ্যমে মুসল্লীদের ইবিদতের জন্য আরও সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন ।
এসময় আরও উপস্থিত ছিলেন- শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান, থানায় কর্মরত অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীগন।
ইফতার পূর্ব আলোচনা পর্বে রমযানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-শৃঙ্খলা এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন শেরপুর হাইওয়ে থানা জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি আল-আমিন ইসলাম যুক্তিবাদী।
দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও ধর্মীয় অনুশাসনের প্রতি অনুরাগ আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com