ডেস্ক রিপোর্ট:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির ৩য় পর্যায়ের বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন এবং উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। সে লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় প্রধানমন্ত্রী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ সহায়তার ঘোষণা দেন। তিনি শ্রমিক পরিবারের জন্য ঘর নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেন এবং তাদের সন্তানদের শিক্ষা বিস্তারে শিক্ষাবৃত্তি বিতরণ করেন।
প্রধানমন্ত্রীর এ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই অনুষ্ঠানস্থলে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তিনি সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হন।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com