
ডেস্ক রিপোর্ট:
সিলেট রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।
মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম।
পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দীর্ঘদিনের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), স্পেশাল ব্রাঞ্চ, হাইওয়ে পুলিশ, র্যাব এবং খাগড়াছড়ি ও ঢাকা জেলা পুলিশে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। পুলিশ স্টাফ কলেজে সদস্য নির্দেশক (Member Directing Staff—MDS) হিসেবেও প্রশিক্ষণ ও কারিকুলাম–সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
সিলেট রেঞ্জে যোগদানের আগে তিনি ডিআইজি, স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা হিসেবে দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের একাডেমিক জীবনও বৈচিত্র্যময়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে Soil Science বিষয়ে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জনের পর ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে Human Resource Management-এ এমবিএ করেন। এ ছাড়া ভারতের হায়দরাবাদের NALSAR University থেকে Humanitarian Law বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেছেন এই পুলিশ কর্মকর্তা। তিনি আইভরি কোস্ট ও দারফুর, সুদানে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
পুলিশিংয়ের পাশাপাশি মানবসম্পদ ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদবিষয়ক অধ্যয়ন, সংকট ব্যবস্থাপনা ও আধুনিক পুলিশিং তাঁর পেশাগত আগ্রহের ক্ষেত্র।
দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন ইউনিট ও আন্তর্জাতিক মিশনে কাজের অভিজ্ঞতা নিয়ে সিলেট রেঞ্জের দায়িত্ব নিলেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তাঁর নেতৃত্বে সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আধুনিক পুলিশিং ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ যুক্ত হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com