২০ ডিসেম্বর মৌলভীবাজারবাসীর জন্য এক শোকাবহ দিন। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের পর এক মর্মান্তিক মাইন বিস্ফোরণে অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।
৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত হয় এবং ১৬ ডিসেম্বর দেশ স্বাধীনতা অর্জন করে। যুদ্ধ শেষে জেলার বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধারা মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপিত হেডকোয়ার্টারে জড়ো হয়েছিলেন। বিজয়ের আনন্দ আর ঘরে ফেরার স্বপ্নে বিভোর থাকার সময় ২০ ডিসেম্বর দুপুরে হঠাৎ একের পর এক মাইন বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। মুহূর্তেই প্রাণ হারান বহু মুক্তিযোদ্ধা, আহত হন অনেকে।
ঘটনার পর নিহত মুক্তিযোদ্ধাদের দেহাবশেষ স্কুল মাঠের দক্ষিণ-পূর্ব প্রান্তে সমাহিত করা হয়। সেখানে গড়ে ওঠা স্মৃতিস্তম্ভ আজও সেই নির্মম ঘটনার সাক্ষ্য বহন করছে। নথিভুক্ত তথ্যে ২৪ জন শহীদের নাম পাওয়া গেলেও প্রকৃত সংখ্যা ছিল অর্ধশতাধিক বলে ইতিহাসে উল্লেখ রয়েছে।
প্রতি বছর ২০ ডিসেম্বর মৌলভীবাজারে স্থানীয় শহীদ দিবস হিসেবে পালিত হয়। এদিন মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও সাধারণ মানুষ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
২০ ডিসেম্বর মৌলভীবাজারের ইতিহাসে স্মরণ করিয়ে দেয়-স্বাধীনতা শুধু বিজয়ের আনন্দ নয়, এটি ত্যাগ, রক্ত ও অপূর্ণ স্বপ্নের দায় বহন করে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com