
মোঃ ফাহাদ আহমদ, নিজস্ব প্রতিবেদক:
আগামী ২২ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মৌলভীবাজার নির্বাচনী জনসভা সফল করতে জনসভাস্থল আইনপুর খেলার মাঠ পরিদর্শন করেছেন বিএনপির শীর্ষ নেতারা।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব জি কে গউছ আইনপুর খেলার মাঠ পরিদর্শনে যান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন- বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুল রহিম রিপনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ জনসভা সফল করতে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এ সময় মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, মিডিয়া গ্যালারি, জনসমাগম নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজারে একটি বৃহৎ, শান্তিপূর্ণ ও ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। এই জনসভা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি ও গণসমর্থনের স্পষ্ট প্রতিফলন ঘটাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com