ওসমানীনগর থেকে ভারতীয় চিনির বহনকারী ট্রাকভর্তি গাড়ি ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় সিলেট-ঢাকা মহাসড়কের সাদিপুর ইউপির কাগজপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে।
রোববার ঐ ঘটনায় ওসমানীনগর থানায় ৫ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০ থেকে ১১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে চিনির মালিক সালেহ আহমদ দাবি করেন, ট্রাকভর্তি চিনি ভারতীয় হলেও বিজিবি ক্যাম্প থেকে তিনি নিলামের মাধ্যমে ক্রয় করেছেন।
জানা যায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্যামপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সালেহ আহমদ তামাবিল বিজিবি ক্যাম্প থেকে নিলামকৃত চিনি সুন্দরবন কুরিয়ারের একটি কাভার্ড ভ্যানের মাধ্যমে ৬৮২ বস্তা চিনি ঝালকাঠি জেলার ব্যবসায়িদের কাছে বিক্রি করে পাঠাচ্ছিলেন। ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কাগজপুর ব্রিজে দুইটি হাইয়েস গাড়ি চিনি বোঝাই কাভার্ড ভ্যানের গতিরোধ করে।
এ সময় ছিনতাইকারীরা কাভার্ড ভ্যানের চালককে নামিয়ে হাইয়েসে তুলে নিয়ে যায় এবং কাভার্ড ভ্যানটি তাদের ড্রাইভার দিয়ে চালিয়ে সিলেট-ঢাকা মহাসড়ক হয়ে বিশ্বনাথ উপজেলার জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় নিয়ে ছোট ট্রাক দিয়ে ৪৭৮ বস্তা চিনি অন্যত্র স্থানান্তর করে।
বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে গেলেও জনতার সহায়তায় বিশ্বনাথ উপজেলার দশধল কাদিপুর গ্রামের জুনাব আলীর ছেলে রোম্মান আহমদ (২৫)কে আটক করে। এসময় পুলিশ অভিযান চালিয়ে ২০৪ বস্তা চিনি উদ্ধার করতে সক্ষম হয়।
রোববার দুপুরে গ্রেফতারকৃত রোম্মান আহমদকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান বলে নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম।
এ ব্যাপারে ওসমানীনগর সর্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, মহাসড়কের নাজিরবাজার থেকে শেরপুর পর্যন্ত আমরা পুলিশের টহল বৃদ্ধি করেছি। এখানে চিনি পাচারের একটি চক্র কাজ করছে। এদের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ছিনতাইকারীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com