

নবীগঞ্জ উপজেলার আউশকান্দি (হীরাগঞ্জ) বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ তেল-ডালডা ও ক্রিম ব্যবহার, এবং পণ্যের গায়ে লেবেল বা মেয়াদ উল্লেখ না থাকার অভিযোগে দুটি বেকারিকে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় বাবুল মিয়া (পিতা মৃত সামছু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া) মালিকানাধীন আরাফাত বেকারীকে ৫০,০০০ টাকা, এবং মো. সুজন মিয়া (পিতা আব্দুল জলিল, হবিগঞ্জ সদর) মালিকানাধীন হানিফ বেকারীকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, দোকানে ব্যবহৃত তেল ও ডালডা মেয়াদোত্তীর্ণ, সংরক্ষণ ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের, এবং কিছু খাদ্যপণ্যে ক্ষতিকর অ্যামোনিয়াম পদার্থের উপস্থিতি রয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন- মানুষের স্বাস্থ্যের সঙ্গে কোনো প্রকার অবহেলা বরদাস্ত করা হবে না। অস্বাস্থ্যকর খাবার উৎপাদন বা বিক্রিতে জড়িতদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় ক্রেতা ও এলাকাবাসী এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং বাজারের অন্যান্য খাদ্য প্রস্তুতকারকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
