• ঢাকা
  •    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০৭ পিএম


‘যুবদলকে প্রতিদ্বন্দ্বী নয়, ভাই মনে করুন’- বিএনপি নেতাদের মুন্না

আপডেট টাইম: October 29, 2026 9:11 pm



মৌলভীবাজার প্রতিনিধি:

যুবদলকে প্রতিদ্বন্দ্বী মনে না করে ভাই হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি বলেছেন, যুবদলের নেতা-কর্মীদের প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা করতে বিএনপির নেতাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। যুবদল বিএনপিরই একটি সহযোগী সংগঠন। তাই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে মৌলভীবাজারে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জাকির হোসেন উজ্জ্বল। সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রফিক আহমেদ ডলার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপনসহ বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সভায় যুবদলের নেতা-কর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ডে সহযোগিতা এবং বিএনপি ও যুবদলের মধ্যে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে জেলার সাতটি উপজেলার যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীসহ বিএনপি ও ছাত্রদলের নেতারা অংশ নেন।

আলোচনা সভায় কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রহিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, সহসাধারণ সম্পাদক মকসুদ আহমেদ ও মাহবুবুর রহমান, সহপ্রচার সম্পাদক তারেকুর রহমান, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাবেক যুবদল নেতা ও কেন্দ্রীয় নেতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মৌলভীবাজার জেলা যুবদলের নেতা-কর্মীরা।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৯ অক্টোবর মৌলভীবাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।