• ঢাকা
  •    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পিএম


বাসের সিটের আড়ালে ১৫১ কম্বল, শেরপুরে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট টাইম: October 30, 2026 5:28 pm



মোঃ ফাহাদ আহমদ:

মৌলভীবাজারের শেরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৫১টি কম্বলসহ ৫ লাখ ৩৪ হাজার ৭৪০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ফরহাদ (২৩) নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর গোলচত্বর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালিয়ে পেছনের অব্যবহৃত আসন ও বক্সের ভেতর থেকে ভারতীয় তৈরি ১৫১টি ডাবল পার্ট কম্বল, ২৪টি সুইং কোকোনাট ওয়াটার, ৪৮টি আমুল কুল পানীয়, ১৮০টি পার্ক ওয়েফার ও ১৮টি সোনপাপড়ি উদ্ধার করা হয়। আটক ফরহাদ এসব পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরহাদ তাঁর দুই সহযোগী তরিকুল ও আড়িয়ালের নাম জানিয়েছেন। তাঁদেরসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই মো. ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ ও একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।