

মোঃ ফাহাদ আহমদ:
মৌলভীবাজার সদর উপজেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজে শ্রেণিভিত্তিক অভিভাবক-ছাত্র-শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আজ থেকে শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক প্রগরেস রিপোর্ট (অগ্রগতি প্রতিবেদন) প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার সকাল ১১টায় প্রতিষ্ঠানের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শ্রেণিকক্ষে উপস্থিতি, শৃঙ্খলা, ফলাফল ও সার্বিক অগ্রগতি নিয়ে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে মতবিনিময় হয়। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের মানোন্নয়নে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শিহাবুর রহমান।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শিহাবুর রহমান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের নিয়মিতভাবে অবহিত করা এবং শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। আজ থেকে প্রতিষ্ঠানে শ্রেণিভিত্তিক প্রগরেস রিপোর্ট দেওয়া শুরু হয়েছে। এর মাধ্যমে একজন শিক্ষার্থীর কোথায় উন্নতি প্রয়োজন এবং কোথায় সে ভালো করছে, তা অভিভাবকেরা আরও স্পষ্টভাবে জানতে পারবেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় জরুরি। এ ধরনের সমন্বয় সভা সেই সম্পর্ক আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দেওয়ার লক্ষ্যেই শ্রেণিভিত্তিক প্রগরেস রিপোর্ট ও সমন্বয় সভার উদ্যোগ নেওয়া হয়েছে।
