• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম


ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ভৈরবে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

আপডেট টাইম: March 14, 2026 5:03 pm




বিশেষ প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা–সিলেট মহাসড়ক ও কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভৈরবে হাইওয়ে পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) ভৈরব হাইওয়ে থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন ভৈরব হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি (হেডকোয়ার্টার অপারেশন) হাবিবুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম, ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ, রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন, ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ সোহেলুর রহমান, ভৈরব বাস মালিক সমিতির সভাপতি আবু বায়েছসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি ও সাংবাদিকরা।

সভায় ভৈরবের দুর্জয় চত্বর এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে দুর্জয় চত্বরের চারপাশের ২০০ গজ এলাকায় যানবাহনে যাত্রী ওঠানামা বন্ধ করা, বাস কাউন্টার অন্যত্র স্থানান্তর, মহাসড়কে শৃঙ্খলা জোরদার করা এবং দুর্ঘটনা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। তাই ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

প্রধান অতিথি হাবিবুর রহমান খান বলেন, “ভৈরব একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। এখানকার যানজট সমস্যা নিরসনে স্থানীয় প্রশাসন, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের সহযোগিতা থাকলে খুব দ্রুতই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

সভা শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।