• ঢাকা
  •    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পিএম


এইচএসসি ২০২৬: মৌলভীবাজার সরকারি কলেজে পাসের হার ৭৪.৭৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৬০ জন

আপডেট টাইম: October 31, 2026 3:30 pm




মৌলভীবাজার প্রতিনিধি:

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে মৌলভীবাজার সরকারি কলেজে পাসের হার দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৭৫ শতাংশ। এ বছর কলেজটি থেকে মোট ৬০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

কলেজ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ১ হাজার ২২৮ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ২১২ জন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯০৬ জন।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ এগিয়ে রয়েছে জিপিএ-৫ অর্জনের দিক থেকে। এ বিভাগে ২৭৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৫০ জন। তবে এ বিভাগে অকৃতকার্য হয়েছেন ৫২ জন।

অন্যদিকে, মানবিক বিভাগে সর্বোচ্চ ৩৫৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৭ জন এবং অকৃতকার্য হয়েছেন ১৩০ জন।

এ ছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ২৭৭ জন শিক্ষার্থী পাস করেছেন। এ বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছেন ৩ জন এবং অকৃতকার্য হয়েছেন ১৪০ জন।

সামগ্রিক ফলাফলে কলেজটির পাসের হার ৭৪ দশমিক ৭৫ শতাংশ। ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।

ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত এ ফলাফলকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।