• ঢাকা
  •    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পিএম


ওল্ডহাম স্বেচ্ছাসেবক দলে ফের শেখ রায়হান, স্থগিতাদেশ প্রত্যাহারে নতুন বার্তা

আপডেট টাইম: December 16, 2025 5:30 pm



যুক্তরাজ্য বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ওল্ডহাম শাখায় সাংগঠনিক স্থিতিশীলতা ফিরে এসেছে। দলীয় সিদ্ধান্তের মাধ্যমে ওল্ডহাম শাখার সভাপতি শেখ মোহাম্মদ রায়হানের ওপর আরোপিত সব ধরনের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ০২ জুন ২০২৫ তারিখে শেখ মোহাম্মদ রায়হানের প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

পরবর্তীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল এবং যুক্তরাজ্য শাখার যৌথ উদ্যোগে বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করা হয়। তদন্ত ও পর্যালোচনায় অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের মতামত ও সুপারিশের আলোকে শেষ পর্যন্ত স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়।

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) নাসির আহমদ শাহীন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে এই সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দেন। এর ফলে শেখ মোহাম্মদ রায়হানের দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে আর কোনো বাধা থাকলো না।

সংগঠনের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এই সিদ্ধান্ত ওল্ডহাম শাখার নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে এবং ভবিষ্যতে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

উক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে প্রেরণ করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সহ-দপ্তর সম্পাদক দুলাল রহমান।