• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম


ওসমানীনগরে তেলবাহী ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৪

আপডেট টাইম: August 22, 2026 5:49 pm



মোঃ ফাহাদ আহমদ:  

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে পদ্মা কোম্পানির তেলবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। নিহতদের মধ্যে পাঁচ বছরের এক শিশুও রয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরের দিকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকার কসেরতলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন, পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সিলেট থেকে ঢাকাগামী পদ্মা কোম্পানির তেলবাহী ট্রাকটির (ঢাকা মেট্রো-ঢ-৪৪-০৬৫৪) সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটির (মৌলভীবাজার-থ-১১-৮৩৫৩) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।

নিহত ব্যক্তিরা হলেন- ওসমানীনগরের শেরপুর মাঝেরবাড়ী এলাকার ফরিদ মিয়ার ছেলে লালন মিয়া (২৬), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে নিয়ামত (৪৫), একই গ্রামের গুল মোহাম্মদের মেয়ে উসুফা বেগম (৩০) এবং নিয়ামতের পাঁচ বছর বয়সী মেয়ে আয়সা আক্তার।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা চারজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, মহাসড়কের ওই অংশে বিপরীতমুখী যানবাহনের সংঘর্ষেই হতাহতের ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ- অতিরিক্ত গতি, চালকের অসতর্কতা, নাকি অন্য কোনো কারণে দুই যান মুখোমুখি হয়েছিল- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।