

মোঃ ফাহাদ ফাহাদ:
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত নয়জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একটি শিশুসহ বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন। তাঁদের মধ্যে একজন উদীয়মান বাউলশিল্পীও ছিলেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকামুখী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটমুখী বেঙ্গল পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্তত ১৩ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শেরপুর হাইওয়ে থানা পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। নিহতরা হলেন- কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত সাফিউদ্দিনের ছেলে হাজী সাইফুল ইসলাম (৫০), সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার চন্ডীপুর এলাকার জাহাঙ্গীরের মেয়ে ফাইজা (৩), সিলেটের সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় (প্রীতম) (২২), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের এলাকার বাবুল মিয়ার মেয়ে ও উদীয়মান বাউলশিল্পী পেহেলী ভৈরবী (১৭), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বগডহর গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে আবুল হোসেন (৪৪), সিলেটের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে আরমান (১৯), কুমিল্লার বাঙ্গুরা বাজার থানার পীরকাশিমপুর এলাকার আব্দুস সালামের ছেলে সানিয়াদ জাহাঙ্গীর সৌরভ (৩৯), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শেরপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম ইমন এবং কিশোরগঞ্জের নিকলী উপজেলার ষাইধার (আটরামপুর) এলাকার রঞ্জিত সূত্রধরের ছেলে রুবেল সূত্রধর (৩৭)।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালান। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ পরিচালনা করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে একই দুর্ঘটনায় কিশোরগঞ্জের ভৈরবের উদীয়মান বাউলশিল্পী পেহেলী ভৈরবীর মৃত্যু লোকসংগীত অঙ্গনে শোকের ছায়া ফেলেছে। বৃহস্পতিবার রাতে সিলেটের বৈরাগীবাজারে একটি মাজারের অনুষ্ঠানে গান পরিবেশন শেষে বাড়ি ফেরার পথেই তিনি প্রাণ হারান।
