• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম


ওসমানীনগরে বাস সংঘর্ষ: মৃত বেড়ে ৯, শনাক্ত ৮ জন

আপডেট টাইম: August 7, 2026 5:12 pm



মোঃ ফাহাদ আহমদ:

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বাড়ে। এ পর্যন্ত নিহত ৯ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। একজনের পরিচয় এখনও জানা যায়নি।

শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপুন এলাকায় ঢাকামুখী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটমুখী বেঙ্গল পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতরা হলেন- কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত সাফিউদ্দিনের ছেলে হাজী সাইফুল ইসলাম (৫০), সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার চন্ডীপুর এলাকার জাহাঙ্গীরের তিন বছর বয়সী মেয়ে ফাইজা (৩), সিলেটের সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় (প্রীতম) (২২), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের এলাকার বাবুল মিয়ার মেয়ে ও বাউলশিল্পী পেহেলী ভৈরবী (১৭), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বগডহর গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে আবুল হোসেন (৪৪), সিলেটের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে আরমান (১৯), কুমিল্লার বাঙ্গুরা বাজার থানার পীরকাশিমপুর এলাকার আব্দুস সালামের ছেলে সানিয়াদ জাহাঙ্গীর সৌরভ (৩৯) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সিরাজুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম ইমন। নিহত অপর একজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, আহতদের চিকিৎসা চলছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।