• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম


কুলাউড়ায় জিলাপিতে নিষিদ্ধ ‘হাইড্রোজ’: ৩ প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা, এক রেস্টুরেন্ট সিলগালা

আপডেট টাইম: March 4, 2026 6:59 pm




নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার |

রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় ও ইফতার সামগ্রীর চাহিদা বাড়তেই কুলাউড়ায় খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। জিলাপিতে নিষিদ্ধ ঘোষিত ‘হাইড্রোজ’ মিশ্রণ, ক্ষতিকর রং ব্যবহার, পোড়া তেলে খাদ্য প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় বুধবার (০৪ মার্চ) কুলাউড়া উপজেলার রবিরবাজার, মধ্য রবিরবাজার ও কর্মধা রোডসহ বিভিন্ন এলাকায় এ তদারকি ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়।

অভিযানে মধ্য রবিরবাজারের আল মদিনা মিষ্টিঘরকে ৫০ হাজার টাকা, মেসার্স সুজন মিষ্টিঘরকে ২০ হাজার টাকা এবং ধানসিড়ি রেস্টুরেন্ট এন্ড হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ধানসিড়ি রেস্টুরেন্টকে সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘হাইড্রোজ’ একটি বিষাক্ত রাসায়নিক পদার্থ, যা খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের রাসায়নিক মিশ্রিত খাদ্য গ্রহণে কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি পাকস্থলীর ক্যানসার, আলসার, তীব্র পেটব্যথা এবং দেহের হরমোনজনিত কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটার আশঙ্কা থাকে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, রমজান উপলক্ষে বাজারে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি রোধে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সচেতন মহল মনে করছে, নিয়মিত ও কঠোর অভিযানই পারে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে।