

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাইকে ঘোষনা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। উপজেলার বর্ণি ও কাঁঠালবাড়ি গ্রামবাসী মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে সিলেট-কোম্পানীগগঞ্জ সড়কের কাঁঠালবাড়ি এলাকা। এতে উভয় পক্ষের শতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার দুপুর ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষ থামাতে ব্যর্থ হয় পুলিশ। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২৪ ঘণ্টার মধ্যে দুই পক্ষ দ্বিতীয়বার এ সংঘর্ষে জড়াল। আলাদা সংঘর্ষে অন্তত শতাধিক লোক আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার বর্ণি গ্রামের হাজার হাজার লোকজন প্রতিপক্ষ কাঁঠালবাড়ি গ্রামে হামলা করতে লাঠিসোঁটা, দা, বল্লম হাতে নিয়ে সকালে রওয়ানা হয়। ১০ কিলোমিটারের বেশি পথ পায়ে হেঁটে এসে বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে পৌঁছায় তারা। পথিমধ্যে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের হাইটেক পার্ক সংলগ্ন এলাকায় তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, বর্ণি জামেয়া মাদরাসার বর্তমান ও সাবেক মুহতামিমসহ গণমান্যরা। কিন্তু তাদের বাধা উপেক্ষা করে সশস্ত্র লোকজন কাঁঠালবাড়ির দিকে রওয়ানা হয়।
