• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম


ঝিনাইদহ-২: ব্যতিক্রমী গণসংযোগে কাস্তে মার্কার প্রার্থী আবু তোয়াব অপু

আপডেট টাইম: February 9, 2026 8:02 pm




ঝিনাইদহ প্রতিনিধি: 

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ঝিনাইদহের সদর উপজেলা ও হরিণাকুণ্ডু উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ-২ আসনে ব্যতিক্রমী গণসংযোগে কাস্তে মার্কার প্রার্থী আবু তোয়াব অপু ব্যস্ত সময় পার করছেন। শহর-গ্রাম, হাট-বাজার, মাঠ-ঘাট-ক্ষেতে-খামারে ভোটারের কাছে লাল পতাকাসহ কাস্তে মার্কার বিভিন্ন স্মারক খচিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু বড় শোডাউন এড়িয়ে গণমুখী হয়ে পায়ে হেঁটে দ্বারে-দ্বারে গিয়ে ভোট চেয়েছেন। ৯ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা শহরে সকাল থেকে শুরু করে গণসংযোগ চলবে রাতভর। দলীয় নেতাকর্মীরা একইভাবে প্রচারণায় অংশ নিয়েছেন।

“কাস্তে প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু ইতোমধ্যে গতানুগতিক ধারার বাইরে নির্বাচনী প্রচারণার ব্যতিক্রম তৎপরতা সর্বমহলে দৃষ্টি আকর্ষণ করেছেন। তার রাজনৈতিক বক্তব্যে কৃষক, শ্রমিক, শ্রমজীবী মানুষ, নারী, তরুণ, ছাত্রস্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। কর্মসংস্থান ও বেকারভাতা, পল্লী রেশন, পেনশন, সামাজিক নিরাপত্তা, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু অধিকার, আদিবাসীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আন্দোলনের নেতা আবু তোয়াব অপুর সচেতন তরুণ ও নারী ভোটের সংখ্যা যোগ হলে হতে পারে ভিন্ন কিছু, নতুন চমক। যা শেষতক হেভিওয়েট প্রার্থীদের জন্য বিপরীত ঘটনা হতে পারে” এমন বলেছেন সচেতন ভোটার আরিফুল ইসলাম মিটুল।

সিপিবি প্রার্থী আবু তোয়াব অপু বলেন, “দুর্নীতি, লুটপাট ও ফ্যাসিবাদ ব্যবস্থার বদলে গণতান্ত্রিক শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা, বাঁওড়সহ জলমহাল ইজারা বাতিল করে সামাজিক মালিকানা, খাসজমি বন্দোবস্ত, ইলা মিত্র কৃষি বিশ্ববিদ্যালয় ও বাঘা যতীন মেডিকেল কলেজ স্থাপন, রেলপথ ও সড়কপথের গণমুখী ব্যবস্থা কায়েমে ঝিনাইদহে কমিউনিস্ট পার্টির লড়াইয়ের গণদাবিসমূহকে নির্বাচনী ইশতেহারে সংযোজন করা হয়েছে। তাই কাস্তে ভোট মার্কাকে সকল নাগরিক ও শ্রমজীবী সমর্থন দিচ্ছেন। সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ”

ঝিনাইদহ-২ আসনের এই তরুণ প্রার্থী আবু তোয়াব অপু ছাত্রজীবনে ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদ ও কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি আবু তোয়াব অপুর পিতা একজন বীর মুক্তিযোদ্ধা, যুবকদের কর্মসংস্থান আন্দোলন ও বাঁওড়সহ জলমহাল ইজারা বাতিল ও সামাজিক মালিকানা দাবিতে জেলে-ক্ষেতমজুর-ভূমিহীন আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি ভোটের হিসাব-নিকাশে এগিয়ে রয়েছেন। একসময়ে বামপন্থী কমিউনিস্ট রাজনীতির দূর্গখ্যাত ঝিনাইদহ-হরিণাকুণ্ডু জনপদ কাস্তে মার্কার ভোট প্রভাবিত করতে পারে নির্বাচনের মাঠকে, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, সকল গণতান্ত্রিক আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থানসহ মুক্তিযুদ্ধের অন্যতম নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক সিপিবি এবারের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যা রেকর্ড ছাড়িয়ে যাবে বলছেন সচেতন মহল।

প্রচারণা শেষ দিনে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়ক থেকে শুরু করে মাওলা ভাসানী, অগ্নিবীণা, বাঘা যতীন, গীতাঞ্জলি, কেপি বসু, শেরে বাংলা, সুকান্ত সড়কসহ বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় কাস্তে মার্কায় ভোট চেয়ে জনসংযোগ করেন সংসদ সদস্য পদপ্রার্থী আবু তোয়াব অপু। এসময় উপস্থিত ছিলেন সিপিবি ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি স্বপন বাগচী, সহকারি সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তোফাজ্জ্বেল হোসেন লস্কর, জেলা সদস্য প্রভাষক শাহাদাৎ হোসেন, বায়েজিদ হোসেন, আরিফুল ইসলাম, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় নেতা রাকিবুল হাসান সুজন, ছাত্র ইউনিয়ন জেলা নেতা সুব্রত বিশ্বাস প্রমুখ।