

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিজনা ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৭২ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরা জব্দ করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ।
সোমবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে শেরপুর হাইওয়ে থানার এএসআই মোঃ মহরম আলী সঙ্গীয় ফোর্সসহ (কনস্টেবল রিফাত কাজী, মোঃ রুমান মিয়া, জুবায়েদ মিয়া এবং ড্রাইভার নায়েক অরুপ সরকার) থানা এলাকায় নিয়মিত দিবাকালীন মোবাইল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে পুলিশ জানতে পারে একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। পরে পুলিশ ঢাকা মেট্রো-ট-২০-১৭৬৩ নম্বরের কাভার্ডভ্যানটি সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশি চালায়। এসময় ভ্যানের পিছনের ডালা খুলে দেখা যায়, ‘উঞ্জাস ফেমাস কে.এস. গোল্ড জিরা (UNJHA’S FAMOUS K.S. GOLD JEERA)’ নামের প্যাকেটে রাখা ৪০০টি প্লাস্টিকের বস্তায় ভারতীয় জিরা লুকানো রয়েছে।
প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ১২,০০০ কেজি জিরা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ টাকা, বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
ঘটনার পরপরই শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রশিদ সরকারের নির্দেশে এসআই (নিঃ) জামিল হাসান অনিক ঘটনাস্থলে পৌঁছে জব্দকৃত পণ্য ও কাভার্ডভ্যানটি আইনি প্রক্রিয়ার আওতায় থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক মোঃ বাবুল হোসেন (৩৫), পিতা মোস্তাফা মিয়া, সাং- সন্তেশপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর এবং হেলপার মোঃ কামাল তালুকদার (৩৬), পিতা হানু মিয়া, সাং- বানিয়াচং, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া- দুজনকেই পুলিশ আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় জিরা ও কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। জব্দ তালিকা সম্পন্ন হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মহাসড়কে হাইওয়ে পুলিশের এধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সহকারী পুলিশ সুপার সাইজুদ্দিনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
