

দলীয় মনোনয়ন না পেলে হবিগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শেখ সুজাত মিয়া।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলার বাজকাশারা গ্রামের হাজী বাড়িতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, “দল যদি আমাকে মনোনয়ন না দেয়, তাহলে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে জনতার মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।” এ সময় তিনি ভোটারদের দোয়া ও আশির্বাদ কামনা করেন।
শীতের তীব্রতা বাড়তে থাকায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক ও সামাজিক সংগঠন ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে। সংগঠনটির চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও সমাজসেবক আব্দুল মতিন এবং তাঁর পরিবারের উদ্যোগে বাজকাশারা গ্রামের হাজী বাড়ির পক্ষ থেকে প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিকেল ৩টায়। উপজেলা শিক্ষা কমিটির সদস্য সোহেল আহমদের সঞ্চালনায় এবং হাজী আব্দুল হাছিবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শেখ সুজাত মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম. মুজিবুর রহমান, হাজী আলা উদ্দিন, সাংবাদিক মুজিবুর রহমান ভূইয়া, কাজী মাহবুব আহমেদ, সাংবাদিক অঞ্জন রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজনে আরও ছিলেন ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকের পরিচালক মোহাম্মদ বুলবুল আহমদ, আশিদুল ইসলাম চৌধুরী, লোকমান হোসেন লক্কু ও মো. নয়ন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে শেখ সুজাত মিয়া ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকের মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। এ ধরনের মানবিক কাজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।” তিনি ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
স্থানীয়দের মাঝে এ ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
