• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম


নবীগঞ্জে আধিপত্য বিরোধে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

আপডেট টাইম: December 22, 2025 9:38 pm




নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ঘটনা ঘটে সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মান্দারকান্দি গ্রামের আব্দুল মজিদ ও একই গ্রামের ইদ্রিস মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ পিকল, লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দলও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।