

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মজলিশপুর নামক এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার জের ধরে প্রায় ৩ ঘণ্টা ব্যাপী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধরা। বুধবার (২১ মে) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে সামিট বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সড়কের সংযোগস্থলে ঐ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপির পিটুয়া গ্রামের মজু মিয়ার পুত্র মঈনুল কারিম ইমন (২২) ও নিয়ামতপুর গ্রামের ছমির মিয়ার ছেলে মোঃ ইজাজুল ইসলাম (২৩)।
জানা যায়- শেরপুর বাজার থেকে ঢাকা অভিমুখী একটি মোটরসাইকেল (সিলেট মেট্টো ল: ১১-৪৪৪৯) ও একই অভিমুখী একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্টো ড: ১১ ৫৮৫৯) যাচ্ছিলো। পথিমধ্যে সামিট বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সড়কের সংযোগস্থলে মোটরসাইকেলটি পৌঁছালে তখন ড্রাম ট্রাক গাড়িটির চালক দ্রুত ও বেপরোয়া গতিতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সড়ক দিয়ে মোড় নিয়ে প্রবেশের চেষ্টা করে।
এ সময় বেপরোয়া গতির ফলে ড্রাম ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটরসাইকেলটিকে স্ব-জোরে ধাক্কা দিয়ে তাৎক্ষণিক গাড়ি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটে।
এ দিকে ঘটনার জের ধরে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ৩ ঘণ্টা ব্যাপী অবরোধ করে রাখে বিক্ষুদ্ধরা। একপর্যায়ে বিক্ষুব্ধরা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সড়কের পাশে থাকা কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং কোম্পানি ‘চীন রেলওয়ে ফার্স্ট গ্রুপ কোং, লিমিটেড, (সিআরএফজি)’ এর ড্রাম ট্রাক গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছে দাবি জানিয়ে কোম্পানির গেইটের সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করে। তবে তাৎক্ষণিক কোম্পানির পক্ষে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। অপরদিকে দুর্ঘটনার বিষয়টি চারদিকে ছড়িয়ে গেলে স্থানীয় জনতা কর্তৃক নবীগঞ্জের দ্বীঘরব্রাহ্মণ গ্রাম নামক এলাকায় চালকবিহীন দুর্ঘটনাকারী ড্রাম ট্রাক গাড়িটিকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন- বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও দুর্ঘটনা কবলিত গাড়ি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।
