• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম


নবীগঞ্জে পাওনা ২০ হাজার টাকা নিয়ে বিরোধ, ভাইয়ের ছুরিকাঘাতে বোনের মৃত্যু

আপডেট টাইম: August 30, 2026 12:38 pm



ডেস্ক রিপোর্ট:

হবিগঞ্জের নবীগঞ্জে পাওনা ২০ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে শাবানা বেগম (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাই শাহিন মিয়া (২৬) পলাতক রয়েছেন।

নিহত শাবানা মাধবপুর গ্রামের প্রবাসী আফজল মিয়ার মেয়ে। অভিযুক্ত শাহিন ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিতীয় স্বামীর সঙ্গে তালাকের সময় দেনমোহর বাবদ পাওয়া ৪০ হাজার টাকা বড় ভাই শাহিনের কাছে গচ্ছিত রেখেছিলেন শাবানা। পরে সেখান থেকে ২০ হাজার টাকা তুলে নেন তিনি। বাকি ২০ হাজার টাকা শাহিনের কাছে ছিল। সম্প্রতি ওই টাকা ফেরত চান শাবানা। এ নিয়ে ভাই-বোনের মধ্যে বিরোধ চলছিল।

স্থানীয় সূত্রের ভাষ্য, এ বিরোধের জেরে গত শুক্রবার ঢাকা থেকে বাড়িতে আসেন শাহিন। একই সময়ে বাবার বাড়িতে আসেন শাবানাও। শনিবার সন্ধ্যায় পাওনা টাকা নিয়ে আবার তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে শাহিন ছুরি নিয়ে শাবানাকে তাড়া করেন বলে অভিযোগ ওঠে। পরে পাশের বাড়ির পুকুরপাড়ে গিয়ে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর আহত হন শাবানা।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নৌকাযোগে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই নৌকার মধ্যে তাঁর মৃত্যু হয়। পরে লাশ বাড়িতে নিয়ে আসা হয়।

খবর পেয়ে শনিবার রাত ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শাহিন মিয়া ঘটনার পর থেকে পলাতক। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।