

হবিগঞ্জের নবীগঞ্জে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। যুক্তরাজ্যফেরত তরুণ ও বিবিয়ানা গ্যাস ফিল্ডের কর্মকর্তা তানভীর আহমেদ (৩০) গলায় ফাঁস লাগিয়ে জীবনের ইতি টেনেছেন।
স্থানীয় সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র তানভীর দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করলেও কয়েক বছর আগে দেশে ফিরে যোগ দেন দেশের বৃহত্তম বিবিয়ানা গ্যাস ফিল্ডে। পরিবারের দাবি-দেশে ফেরার পর থেকেই তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন।
শুক্রবার রাতেও প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে নিজের কক্ষে ঘুমোতে যান তানভীর। তবে শনিবার সকালে বারবার ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভাঙতে বাধ্য হন। এরপর জানালা দিয়ে তাকিয়ে দেখা যায়- উড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আছেন তানভীর।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়া ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান জানান-“প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।”
প্রবাসফেরত এই তরুণ কর্মকর্তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই বলছেন- দেশে ফেরার পর বিদেশফেরত তরুণদের হতাশা, একাকিত্ব ও মানসিক চাপ একটি বড় সামাজিক সংকটে পরিণত হচ্ছে।
