• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম


প্রণোদনা বিতরণে রাজনগর কৃষি অফিসারের অনিয়ম: দায় চাপানোর চেষ্টা ইউএনও’র উপর

আপডেট টাইম: September 10, 2025 7:26 pm



২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংসের ক্ষতিপূরণ হিসেবে নার্সারি মালিকদের প্রদেয় প্রণোদনা বিতরণে রাজনগর উপজেলা কৃষি অফিসারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ পেলে তিনি দায় এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিবের উপর দায় চাপানোর চেষ্টা করছেন বলে জানা গেছে।

জানা যায়, এ খাতে মৌলভীবাজার জেলার জন্য মোট ৫ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ হয়। এর মধ্যে রাজনগর উপজেলায় বিতরণ করা হয়েছে ৫ লাখ ৩৪ হাজার টাকা এবং বড়লেখায় মাত্র ৬ হাজার টাকা। রাজনগরের পাঁচটি নার্সারির মধ্যে সর্বাধিক বরাদ্দ পান রাসেল নার্সারির মালিক শ্যামা মিয়া। ওই নার্সারির নামে ১ লাখ চারা দেখিয়ে ৪ লাখ টাকা বরাদ্দ নেওয়া হয়। অথচ সরেজমিন তদন্তে দেখা যায়, ওই নার্সারির চারার ধারণক্ষমতা এত বেশি নয়। স্থানীয় সূত্র জানায়, শ্যামা মিয়া উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি এবং কৃষি অফিসারের ঘনিষ্ঠ সহযোগী।

অনুসন্ধানে আরও জানা গেছে, রাজনগরের সোনার বাংলা নার্সারি, বনফুল নার্সারি, ইমন নার্সারি, সালাম নার্সারি ও রাসেল নার্সারি মিলে মোট ৫ লাখ ৩৪ হাজার টাকা প্রণোদনা পান। অথচ উপজেলায় আরও বহু নার্সারি থাকলেও তারা কোনো বরাদ্দ পাননি, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সন্দেহের জন্ম দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার দাবি করেন, বরাদ্দপ্রাপ্ত নার্সারি মালিকদের চেক যথাযথভাবে হস্তান্তর করা হয়েছে এবং সব নথিপত্র সংরক্ষিত রয়েছে। তবে তিনি ইতোপূর্বে চেক হস্তান্তরের বিষয়ে কিছু জানেন না বলে যে বক্তব্য দিয়েছেন, তা অস্বীকার করেন।

অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব জানান, “কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হিসেবে উপজেলা কৃষি অফিসার সংশ্লিষ্ট নার্সারি মালিকদের চেক হস্তান্তর করেছেন। আমি নথিপত্র দেখে অনুমোদন দিয়েছি। প্রতিটি চেক হস্তান্তরের প্রমাণ হিসেবে স্বাক্ষরযুক্ত মাস্টাররোল ও রেজিস্টার জমা দেওয়া হয়েছে।”

পর্যালোচনায় দেখা যায়, প্রকল্পের শুরু থেকেই উপজেলা কৃষি অফিসার ও প্রভাবশালী কয়েকজন নার্সারি মালিক যোগসাজশে সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা করেছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর কৃষি অফিসার দায় এড়াতে ইউএনও’র উপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।