• ঢাকা
  •    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পিএম


ফজরের পর শুরু, এশার পর শেষ: বাংলাদেশে প্রথমবার ব্যতিক্রমী শিডিউলের মাহফিল শেরপুরে

আপডেট টাইম: December 29, 2025 11:08 pm




ক্রিয়েটিভ নিউজ২৪ ডেস্ক: বাংলাদেশের ওয়াজ মাহফিলের প্রচলিত ধারার বাইরে গিয়ে এক ব্যতিক্রমী ও যুগান্তকারী শিডিউলের মাহফিল ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) আয়োজন করতে যাচ্ছে সিলেট বিভাগের চার জেলার সংযোগস্থল শেরপুর বাজারে অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়াতুল ফালাহ শেরপুর মাদরাসা।

সাধারণত দেশের ওয়াজ মাহফিলগুলো দুপুরে শুরু হয়ে মধ্যরাত কিংবা ফজরের পর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়। কোথাও আবার সকাল ৯-১০টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত মাহফিল চলে। কিন্তু এসব প্রচলিত সময়সূচির বাইরে গিয়ে বাদ ফজর শুরু এবং বাদ এশা শেষ-এমন ব্যতিক্রমী শিডিউলের মাহফিল বাংলাদেশে এই প্রথম আয়োজন করতে যাচ্ছে জামেয়াতুল ফালাহ শেরপুর মাদরাসা।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে সারারাতব্যাপী মাহফিল দেশে একটি প্রচলিত সংস্কৃতি হিসেবে গড়ে উঠেছে। চট্টগ্রাম, সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ ও বিয়ানীবাজারসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হলেও ফজরের পর শুরু হয়ে এশার পর শেষ- এমন শিডিউল এতদিন কোথাও দেখা যায়নি।

এ বিষয়ে জামেয়াতুল ফালাহ শেরপুর মাদরাসার মুহতামিম মুফতী ওযীরুল ইসলাম মাসউদ বলেন,
“গত এক দশক ধরে আমরাও মধ্যরাত পর্যন্ত মাহফিল আয়োজন করেছি। তবে হাদিসে বর্ণিত প্রভাতের বরকত অর্জন এবং এশার পর দ্রুত নিদ্রায় যাওয়ার সুন্নাহকে উৎসাহিত করার লক্ষ্যে আমরা মাহফিলের সময়সূচিতে এই পরিবর্তন এনেছি।”

তিনি আরও বলেন, “যুগ যুগ ধরে চলে আসা ধারার বিপরীতে যাওয়ায় শুরুতে আমাদের সিদ্ধান্ত নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, সময়ের সঙ্গে সঙ্গে সবাই এই ব্যতিক্রমী শিডিউলকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। দেশের উলামায়ে কেরাম ও শীর্ষস্থানীয় ওয়ায়েজীনে কেরাম আমাদেরকে জানিয়েছেন- এই সময়সূচি অভিনব, সুন্দর এবং সময়োপযোগী।”

মাদরাসা কর্তৃপক্ষের আশাবাদ, জামেয়াতুল ফালাহ শেরপুর মাদরাসার এই ব্যতিক্রমী উদ্যোগ আগামী দিনে দেশের অন্যান্য দ্বীনি প্রতিষ্ঠান ও মাহফিল আয়োজকদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে উঠবে এবং সারাদেশে নতুন ধারার মাহফিল সংস্কৃতি গড়ে উঠবে।

#ক্রিয়েটিভ নিউজ২৪/ফাহাদ