

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা কুশিয়ারা নদীর পানিতে প্লাবিত হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে রোটারি ক্লাব অব নবীগঞ্জ। সংগঠনটি শুক্রবার শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে শুকনো খাবার, খাদ্যসামগ্রী, খাবার স্যালাইন ও প্রাথমিক চিকিৎসার ওষুধ বিতরণ করেছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে দীঘলবাক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও রোটারি ক্লাবের নেতারা সুবিধাভোগীদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালিক মিয়া, রোটারি ক্লাব অব নবীগঞ্জের সভাপতি শিরিন আক্তার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ, সাবেক সভাপতি শাহ মোস্তাকিম আলী প্রিন্স ও তাপস আচার্য, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য এম. মুজিবুর রহমান, ইউপি সদস্য মাহবুব আলম খছরু, সোহান মিয়া, তোফাজ্জল হোসেন ও মো. আকুল মিয়া এবং সমাজকর্মী খলিল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
রোটারি ক্লাব অব নবীগঞ্জের নেতারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবিক সংকট- যেকোনো পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের অঙ্গীকার। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংগঠনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে কুশিয়ারা নদীর পানি বেড়ে দীঘলবাক ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পাশাপাশি রোটারি ক্লাব অব নবীগঞ্জও ত্রাণ ও চিকিৎসাসামগ্রী নিয়ে মাঠে নেমেছে।
