• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম


ব্যতিক্রমী বিয়ে: নবীগঞ্জে আলোচনার কেন্দ্রে সাংবাদিক ছনি আহমেদ চৌধুরী

আপডেট টাইম: August 26, 2025 1:18 am



বিয়ে মানেই সাজানো গাড়ি, জাঁকজমকপূর্ণ বরযাত্রা আর আনুষ্ঠানিকতার ভিড়ে শোভাযাত্রার ধুমধাম। কিন্তু তার বাইরেও যে ভিন্নরকম আয়োজন হতে পারে, সেটি চোখে আঙুল দিয়ে দেখালেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ছনি আহমেদ চৌধুরী।

গতকাল সোমবার (২৫ আগস্ট) দুপুরে নবীগঞ্জে অনুষ্ঠিত তার বিয়ে হয়ে উঠেছিল সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু। কারণ, বরযাত্রীদের জন্য সুসজ্জিত গাড়ি রাখা হলেও বর ছনি আহমেদ চৌধুরী তা ব্যবহার না করে মোটরসাইকেল চালিয়ে নিজেই প্রবেশ করেন বিবাহ মণ্ডপে। চারপাশে তখন উৎসুক মানুষের দৃষ্টি, হাসি-আনন্দ আর বিস্ময়ের মিশেল এ যেন নবীগঞ্জবাসীর জন্য এক নতুন অভিজ্ঞতা।

নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামের প্রয়াত সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীমের যোগ্য উত্তরসূরি ছনি আহমেদ চৌধুরীর এ ব্যতিক্রমী বিয়ে নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং যুগের সঙ্গে তাল মিলিয়ে এক অনন্য বার্তা। পারিবারিকভাবে তার বিয়ে হয় মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বহরমপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নানের কন্যা সাদিয়া আক্তারের সঙ্গে। দুপুর ১টার দিকে মোটরসাইকেল ও মাইক্রোবাস বহর নিয়ে রওনা দেন বর। নির্ধারিত সময়ে- দুপুর ১টা ৪৫ মিনিটে কনের পরিবারের অভ্যর্থনা পান কমিউনিটি সেন্টারে পৌঁছেই।

এই বিশেষ দিনে নবীগঞ্জ ও আশপাশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়ে বর-কনেকে শুভেচ্ছায় সিক্ত করেন। সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, সাবেক পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, জামায়াতের আমীর মাওলানা আশরাফ আলী, বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমসহ নানান শ্রেণি-পেশার মানুষ এই অনুষ্ঠানের সাক্ষী হন।

আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন বর ছনি আহমেদ চৌধুরী। তিনি সবার উদ্দেশে বলেন, “আমাদের দাম্পত্য জীবনের জন্য আপনাদের ভালোবাসা, দোয়া ও আশীর্বাদ চাই।”

নবীগঞ্জের ইতিহাসে এটিই প্রথম এমন মোটরসাইকেল চালিয়ে বরের প্রবেশ- যা নিঃসন্দেহে ব্যতিক্রমী এবং আলোচনাযোগ্য। একদিকে সরলতা, অন্যদিকে অভিনবত্ব- এই আয়োজন প্রমাণ করেছে যে সুখী দাম্পত্যের শুরু হতে পারে সাধারণ অথচ অনন্য এক মুহূর্ত দিয়েও।