• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ এএম


ভোটের উত্তাপ নয়, সম্প্রীতির বার্তা দিলেন সিলেটের প্রার্থীরা

আপডেট টাইম: January 27, 2026 8:28 pm



ক্রিয়েটিভ নিউজ২৪ ডেস্ক:

নির্বাচনের মাঠে যেখানে উত্তাপ, সংঘাত আর পাল্টাপাল্টি বক্তব্যই সাধারণ চিত্র, সেখানে সিলেটে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। ভোটের প্রতিদ্বন্দ্বিতা ভুলে একে অপরকে বুকে টেনে নিলেন ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সৌহার্দ্য ও সম্প্রীতির এমন দৃশ্য উপস্থিত সবার দৃষ্টি কাড়ে এবং রাজনীতিতে ইতিবাচক বার্তার নজির তৈরি করে।

মঙ্গলবার সকাল ১১টায় সিলেট শহরতলির বিমানবন্দর এলাকার গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে প্রথম আলো ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে আয়োজিত ‘সহিংসতা নয়, গড়ি সম্প্রীতির সিলেট’ শীর্ষক নির্বাচনী সংলাপে এই দৃশ্য দেখা যায়। সংলাপটি চলে দুপুর ১টা ২২ মিনিট পর্যন্ত।

অনুষ্ঠান শুরুর আগেই বিভিন্ন আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মিলিত হন একই স্থানে। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থীরা কোলাকুলি ও খোশগল্পে মেতে ওঠেন। নির্বাচনী রাজনীতির চিরচেনা বৈরিতার বাইরে এমন মানবিক দৃশ্য অনুষ্ঠানে উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশংসা কুড়ায়।

সিলেট–১ (মহানগর ও সদর) আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর ও জামায়াতে ইসলামীর প্রার্থী হাবিবুর রহমান একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। একইভাবে সিলেট–৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ও জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীন সৌহার্দ্য বিনিময় করেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হাসান ও সিপিবির প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেনও একে অপরের খোঁজখবর নেন।

সংলাপটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী। এতে বক্তব্য দেন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, নাগরিক সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিরা। বক্তারা বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সিলেট সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। এই ঐতিহ্য রক্ষা করা রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব।

বক্তারা আরও বলেন, নির্বাচন ঘিরে সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়। বরং শান্তিপূর্ণ পরিবেশই গণতন্ত্রকে শক্তিশালী করে। নির্বাচনের আগে ও পরে যেন কোনো ধরনের সহিংসতা না ঘটে, সে বিষয়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সংলাপে চা–শ্রমিক ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানবেতর জীবনযাপন, যোগাযোগ সংকট, শিল্পায়নের প্রসার, সামাজিক নিরাপত্তা জোরদার, পর্যটন এলাকার উন্নয়ন এবং সিলেট অঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করার বিষয়গুলো গুরুত্ব দিয়ে আলোচিত হয়।

অনুষ্ঠানের শেষাংশে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেটের জ্যেষ্ঠ আঞ্চলিক ব্যবস্থাপক আসমা আক্তার শুভেচ্ছা বক্তব্য দেন। পাশাপাশি প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন ও সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

রাজনীতির ভিন্নমত থাকলেও সম্প্রীতির বন্ধন অটুট রাখা সম্ভব-সিলেটের এই সংলাপ সেই বার্তাই আবারও সামনে এনে দিল।